|
শুক্রবার, 10 ফেব্রুয়ারী 2012 09:58 |
|
বিনোদন ডেস্ক :: দীর্ঘদিন ধরেই পাকস্থলীর সমস্যায় ভুগছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি সমস্যা আরও তীব্র হয়েছে। আরোগ্য লাভের জন্য ১১ ফেব্রুয়ারি অস্ত্রোপচার করাবেন ৬৯ বছর বয়সী এই তারকা। অমিতাভ তাঁর ব্লগে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘১০ ফেব্রুয়ারি সিটি স্ক্যান করানোর পরদিন সকালেই ডাক্তারের ছুরি-কাঁচির দ্বারস্থ হব। অনেক দিন ধরেই আমার পাকস্থলীতে নানা ধরনের জটিলতা চলছে। বর্তমানে অবস্থা এমন হয়েছে যে আমার পাকস্থলী যেন একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১১ ফেব্রুয়ারি সকালে আমার অস্ত্রোপচারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।’ ভক্তদের আশ্বস্ত করে অমিতাভ লিখেছেন, ‘চিকিত্সকেরা বলছেন, এটা নাকি তেমন জটিল কোনো অস্ত্রোপচার নয়। তবে অপারেশন টেবিলে যাওয়ার আগে সব চিকিত্সকই এমনটা বলে থাকেন। কাজেই আর সবার মতো আমার ভেতরও নানা শঙ্কা উঁকি দিচ্ছে।’ এ মুহূর্তে ভোজপুরী ছবি ‘গঙ্গাদেবী’তে স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে ছোট একটি চরিত্রে অভিনয় করছেন বিগ বি। ছবিটির জন্য গভীর রাতেও শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাঁকে। আর এ কারণেই নাকি তাঁর পাকস্থলীর সমস্যা আরও তীব্র আকার ধারণ করেছে। এ প্রসঙ্গে অমিতাভের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘রাতে শুটিংয়ের বিষয়টি জানতে পেরে আমার চিকিত্সক তো ভীষণ খেপে গিয়েছিলেন। কিন্তু তিনি হয়তো জানেন না, রাতের এই নিস্তব্ধ সময়টাতেই কাজের স্বাধীনতা সবচেয়ে বেশি। আমি যা প্রকাশ করতে চাই তা অনেক বেশি সাবলীলভাবে প্রকাশ করতে পারি এই সময়টাতেই। তার পরও আমাকে নিয়ে তাঁর শঙ্কার বিষয়টি আমি বুঝতে পারছি। কাজেই তাঁর কথা মতোই আমি চলব।’
|